সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিবের বৈঠক

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ

ভারতের দিল্লির ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউসে দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

শুক্রবারের (২৪ নভেম্বর) এ বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ–ভারত এ বছরের দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) অনুষ্ঠিত হলো।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি ও অন্যান্য নদীর পানি বণ্টনের বিষয়টি উত্থাপন করেন। এছাড়া বাণিজ্য বাধা দূর করা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের বাধাহীন সরবরাহের ওপর জোর দেন। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, পররাষ্ট্রসচিব পর্যায়ের এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের বৃহত্তর সমৃদ্ধির জন্য সহযোগিতা আরও গভীর করার ওপর জোর দেওয়া হয়েছে।

দুই পররাষ্ট্র সচিব উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য, আঞ্চলিক সংযোগ, আঞ্চলিক বিদ্যুৎ সংযোগ, নিরাপত্তা ও পানি সংক্রান্ত সমস্যা, কনস্যুলার ও সাংস্কৃতিক বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ওপর জোর দেন। এছাড়া উভয়পক্ষ পুনর্ব্যক্ত করেছে যে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী শান্তিপূর্ণ সীমান্ত ব্যবস্থা বজায় রাখত সহযোগিতা অব্যাহত রাখবে।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্রসচিবকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ আরও গভীর ও প্রসারিত করার অনুরোধ জানান। ভারতের পররাষ্ট্র সচিব সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল সাউথ এবং জি-২০ এর ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে নেতৃত্বের অঙ্গীকারের আশ্বাসও দেন।

পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উভয়পক্ষ সীমান্ত ও নিরাপত্তা, বাণিজ্য, বাণিজ্য ও সংযোগ, পানি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা, জনগণের মধ্যে জনগণের সম্পর্ক এবং বাংলাদেশে উন্নয়ন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা করেছে।

এছাড়া উভয়পক্ষ উপ-আঞ্চলিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়েও মতবিনিময় করেছে। পাশাপাশি পরবর্তী সভা ঢাকায় করার বিষয়ে উভয়পক্ষ সম্মত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।