অন্যান্য
সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এতে দেশটির বিভিন্ন স্থানে অতিমাত্রায় বৃষ্টির পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে মদিনায় রেড এলার্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদফতর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলধারাগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে তারা। এছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতেদেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে।
মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে।
সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ লাল সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইয়ে যাবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।