অন্যান্য
কোটা সংস্কার আন্দোলন ইস্যুকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে। তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। সেখানে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান না থাকলেও গ্রেফতার হওয়ার ভয়ে যাচ্ছেন না নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, এখনো বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, তবে নেই পুলিশের দেওয়া ‘ক্রাইম সিন’।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেদিন রাত সাড়ে ১২টার দিকে শুরু হওয়া অভিযানে শতাধিক ককটেল, পাঁচ-ছয় বোতল পেট্রল, দেশি-বিদেশি সাতটি অস্ত্র ও ৫০০ লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবিপ্রধান হারুন অর রশীদ। এ সময় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়। এরপর কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতোয়েন করা হয়।
এ বিষয়ে কথা হলে পল্টন থানার ডিউটি অফিসার নাজমুল হোসেন বলেন, শুক্রবার সকালেই কার্যালয় থেকে পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।
জানা যায়, ১৯ জুলাই বেলা ১১টার দিকে ‘ক্রাইম সিন’ লেখা হলুদ ফিতা খুলে ফেলে চলে যান পুলিশ সদস্যরা। ওই দিনই জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু অনুমতি না পেয়ে বিকেল তিনটার দিকে কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। সেখানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। তখন কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।