সাবেক সেনা কর্মকর্তা নাছের ৬ দিনের রিমান্ডে

আগের সংবাদ

ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা নিয়ে সতর্কবার্তা

পরের সংবাদ

কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা ট্রাম্পের

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৮, ২০২৫ , ১১:২০ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা “অবিলম্বে” বন্ধের ঘোষণা দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কানাডা বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর যে “অত্যন্ত অন্যায় কর” আরোপ করেছে, তার প্রতিক্রিয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসির।

ট্রাম্প লিখেছেন, “আমরা কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখানেই বন্ধ করছি। আগামী সাত দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে হলে তাদের কী হারে শুল্ক দিতে হবে।”

কানাডা চলতি মাসেই ৩ শতাংশ ডিজিটাল সার্ভিস ট্যাক্স কার্যকর করতে যাচ্ছে, যা অ্যামাজন, অ্যাপল, গুগলের মতো মার্কিন টেক জায়ান্টদের বছরে ২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতির মুখে ফেলবে বলে ব্যবসায়িক গোষ্ঠীগুলোর ধারণা।

মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা এমন এক সময় এলো, যখন দুই দেশ আগামী জুলাইয়ের মধ্যে একটি নতুন বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আলোচনা চালিয়ে যাচ্ছিল। গত বছর থেকে ডিজিটাল কর নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “কানাডিয়ানদের স্বার্থে এই জটিল আলোচনা আমরা চালিয়ে যাব।” কানাডার কর্মকর্তারা আশা করেছিলেন, আলোচনায় এই কর বিষয়টি সমাধান হবে।

বাণিজ্য বিশেষজ্ঞ ইনু মালাক বলেন, “ট্রাম্পের এ ধরনের হুমকি তার পরিচিত কৌশলের অংশ। তবে এতে আলোচনার গতি ত্বরান্বিত হওয়ার সুযোগও তৈরি হতে পারে।”

এদিকে, ট্রাম্পের ঘোষণার পর শুক্রবার মার্কিন শেয়ারবাজারে ধস নামে, তবে পরে বাজার ঘুরে দাঁড়িয়ে দিনের শেষে এসঅ্যান্ডপি ৫০০ রেকর্ড উচ্চতায় বন্ধ হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার বৃহত্তম বাণিজ্য অংশীদার। বছরে ৪০০ বিলিয়ন ডলারের বেশি পণ্য কেনাবেচা হয় দুই দেশের মধ্যে। তবে চলতি বছর ট্রাম্প সীমান্তে মাদকপাচারের অভিযোগ তুলে কানাডার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা দুই দেশের বাণিজ্য সম্পর্কে টানাপোড়েন তৈরি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।