পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

তত্ত্বাবধায়ক ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না- মির্জা ফখরুল

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২২ , ৮:০০ অপরাহ্ণ

ভোট চোর ও রিজার্ভ চোর আওয়ামী লীগ সরকারকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ডাকা রংপুর বিভাগের গণসমাবেশে বক্তারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মী ও সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা লাখ লাখ কোটি টাকা পাচার করে দেশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে। রিজার্ভ গিলে খাওয়ার পর এখন গোটা দেশটাই গিলে খেতে বসেছে সরকার।

নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ নয়টি দাবিতে আজ শনিবার রংপুর শহরের কালেক্টরেট মাঠে সমাবেশে দলটির নেতারা এ বক্তব্য দেন।

অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানিয়ে সরকারের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, দেশের মানুষ জেগে উঠেছে, আর দাবিয়ে রাখা যাবে না। নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি দেশে কোনো নির্বাচন হতে দেবে না।

সমাবেশকে কেন্দ্র করে দুদিন ধরে চলা পরিবহণ ধর্মঘট ও নানা বাধাবিপত্তি মোকাবিলা করে রংপুরসহ আশেপাশের জেলা থেকে লাখ লাখ নেতাকর্মী সমাবেশে যোগ দেন। সকালের আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। দুপুরের পর মিছিল নিয়ে এসে নেতাকর্মীরা মাঠের আশপাশের সড়কগুলোতে অবস্থান নেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা (বিএনপি নেতাকর্মী) এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবেন? আমাদের সোজা কথা, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। শেখ হাসিনার পদত্যাগ ছাড়া কোনো নির্বাচনে যাব না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন হবে। সেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে জাতীয় সরকার গঠন করা হবে

মির্জা ফখরুল বলেন, সরকার নাকি বিরোধীদল ও জনগণকে ভয় পায় না। ভয় যদি না পাও, তাহলে কেন দুই দিন ধরে পরিবহণ বন্ধ করে দাও। কেন আমাদের নেতাদের গুলি করে মার?

মির্জা ফখরুল বলেন, আমি নাকি চিবিয়ে খাই। আরে আপনারা তো চিবিয়ে চিবিয়ে অর্থনীতিটা খেয়ে ফেলেছেন। এখন দেশটা খেয়ে ফেলবেন। আশ্রয়ণ প্রকল্প করে একটা ঘর দেয়, ওখানেও চুরি করে। আমাদের এই সরকার সর্বভোগে পরিণত হয়েছে। সব খেয়ে ফেলতে চায়। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে। বিদেশে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় না। আমাদের সবার বিরুদ্ধে মামলা। ৩৫ লাখ মামলা। ৬০০ নেতাকর্মী গুম করেছে। সহস্রাধিক মানুষ হত্যা করেছে। আলেম-ওলামাদের বিরুদ্ধে মামলা দিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।