অন্যান্য
আওয়ামী লীগ ভেসে আসেনি। ১৯৭৫ সাল থেকে আমরা মার খেয়ে আসছি। এখন আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে আমাদের মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে। আওয়ামী লীগ জনগণের ভোট চুরি করে ক্ষমতায় আসে না। রাস্তা দখল করে সরকার উৎখাতের ষড়যন্ত্র কঠোরভাবে প্রতিহত করা হবে। অনেকে বিএনপিকে তেল মারছে। এত তেল মারা কিসের জন্য। কত তেল আছে, আমি তাদের দেখাব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটি, মহানগর ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ভেসে আসেনি। বিএনপি জিয়াউর রহমানের উর্দি পরা পকেট থেকে বের হয়েছে। আওয়ামী লীগ কারও পকেটের সংগঠন না। মনে রাখা উচিত আওয়ামী লীগ ভেসে আসেনি। আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন।
অগ্নিসন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না উল্লেখ করে এ সময় বিএনপিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। জিয়াউর রহমান কারফিউতন্ত্র দিয়ে গেছে। আর খালেদা জিয়া দিয়েছে দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন।
যৌথ সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেনসহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে অনুষ্ঠিত সভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোশনের মেয়রদ্বয় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।