অন্যান্য
বিএনপি মানবাধিকার দিবসে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে এগোচ্ছে। জামায়াতকে সঙ্গে নিয়ে তারা এ বিশৃঙ্খলা করতে চায়। বিএনপি এখন জামায়াতের বি টিম হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ মানবাধিকারের নামে নির্বাচনবিরোধী সবগুলো দল ঐক্যবদ্ধ। জনসম্পৃক্ততার অভাবে বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে, এখন অগ্নিসন্ত্রাস, নাশকতা দিয়ে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায়। মানবাধিকার দিবসে সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরির প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে। এজন্য জামায়াতকে তারা পাশে চায়।
নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘এখন নির্বাচন কমিশনের অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যাপারে ভূমিকা থাকবে। এখানে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। এখন সরকার শুধু একটি রুটিন দায়িত্ব পালন করবে। সরকারের কাজ হচ্ছে একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। আমরা সেটা করে যাচ্ছি।’
এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।