অন্যান্য
আমরা কোনো নেতাকর্মীদের অ্যারেস্ট করিনি মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, সিসিটিভির ফুটেজ দেখে তাদেরকে অ্যারেস্ট করেছি। যারা ক্রিমিনাল, তাদেরকে অ্যারেস্ট করেছি। রাজনৈতিক কারণে কেউ অ্যারেস্ট হয়নি।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে সিলেট নগরীর ধোপাদিঘীরপাড়স্থ পররাষ্ট্রমন্ত্রীর নিজ বাসভবন হাফিজ কমপ্লেক্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী দিনে আমাদের কী পরিকল্পনা। আওয়ামী লীগের আজকের নির্বাচনি ইশতেহারে কী কী আছে সেই সব বিষয়ে জানতে চেয়েছেন ইইউর নির্বাচন পর্যবেক্ষকরা। সেগুলো তাদের কাছে তুলে ধরেছি। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। শান্তিপূর্ণ একটি নির্বাচন চাই।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যা দরকার তা করেছি। আগে বিএনপির সময় আজিজ মার্কা নির্বাচন কমিশনে ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার ছিল। এখন আমরা তা বায়োমেট্রিক করেছি। এবার কোনো ভুয়া ভোট হবে না। এ বছর আমরা স্বচ্ছ ব্যালট বক্স করেছি। সবাই দেখবে কত ভোট পড়েছে। সবচেয়ে বড় বিষয় আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করেছি, যারা নির্বাচনের সময় সব দায়িত্ব পালন করবেন।
ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ইইউর মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ রেবেকা কক্স ও মিডিয়া বিষয়ক বিশেষজ্ঞ শার্লোট সুয়েবেস।
এর আগে, দুুপুরে ইইউর নির্বাচন পর্যবেক্ষক দলের এই দুই সদস্য সিলেটে বিএনপির বিভাগীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী অংশ নেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।