পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

বিএসইসির চেয়ারম্যান হলেন রাশেদ মাকসুদ

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪ , ৮:২০ অপরাহ্ণ

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খন্দকার রাশেদ মাকসুদকে।

আজ রবিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

বর্তমানে তিনি বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) স্ট্র্যাটেজিক অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন। এর আগে খন্দকার রাশেদ মাকসুদ স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।

রাশেদ মাকসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফিন্যান্সে এমবিএ সম্পন্ন করে ১৯৯২ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি এনআরবিসি ব্যাংক লিমিটেডের এমডি এবং সাত বছর সিটি ব্যাংক এনএ বাংলাদেশের এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে দায়িত্বরত ছিলেন।

দীর্ঘ ৩২ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে রাশেদ মাকসুদ সিটি ব্যাংক এনএ বাংলাদেশের করপোরেট ব্যাংকিং গ্রুপ, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ হেডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এর পরে ডিরেক্টর ও গ্লোবাল ট্রানজেকশন প্রধানের দায়িত্ব পান।

এ ছাড়া তিনি একই ব্যাংকের ইন্দোনেশিয়ার জাকার্তা অফিস এবং পরে বাংলাদেশ অফিসের এমডি ও সিটি কান্ট্রি অফিসার হিসেবে নিযুক্ত হন। তিনি দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সেক্রেটারি জেনারেল হিসাবে ২০২২-২০২৩ মেয়াদে দায়িত্ব পালন করেন।

নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর ১৩ আগস্ট বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় বেসরকারি গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও এম মাসরুর রিয়াজকে। মাসরুর রিয়াজের বিষয়ে বিএসইসির কর্মকর্তারাও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে আপত্তি জানান।

যদিও পরে সেই আপত্তি প্রত্যাহার করে নেওয়া হয়। এমন পরিস্থিতিতে এম মাসরুর রিয়াজ বিএসইসির চেয়ারম্যান হিসেবে যোগদানের অপারগতা প্রকাশ করেন গতকাল শনিবার। আজ রবিবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাতিল করে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে ১০ আগস্ট পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।