অন্যান্য
জীবনের প্রথম প্রেম কেউ ভুলতে পারে না, সে কথাটির প্রমাণ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। ব্রাজিলের ক্লাব ক্রুজেরিওর হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন তিনি। এবার সেই ক্লাবের মালিক বনে গেলেন। লিভারপুলের মালিক পক্ষ ফেনওয়ে স্পের্টস গ্রুপ কিনতে চেয়েছিল ক্লাবটি। তাদের হারিয়ে ক্রুজেরিওকে কিনে ফেললেন রোনালদো।
১৯৯৩ সালে ক্রুজেরিও ক্লাবের হয়েই পেশাদার ফুটবলে আবির্ভাব রোনালদোর। ক্রুজেইরো তাকে খুব বেশি অর্থ দিতে পারেনি। তিনি চলে যান পিএসভি আইন্দহোফেনেতে। সেখান থেকে রোনালদোর যাত্রা শুরু ইউরোপে। বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও করিন্থিয়ানসে খেলেন।
এসব ক্লাবে খেলে অনেক অর্থ আয় করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার। কিন্তু জীবনের প্রথম ক্লাব ক্রুজেইরোকে যে ভুলতে পারেননি, তারই প্রমাণ দিলেন এবার। শনিবার মালিকানা পরিবর্তনের সময় রোনালদোর সঙ্গে চুক্তি করেছেন আগের মালিক। এ সময় ক্লাবটির বর্তমান প্রেসিডেন্ট সার্জিও সান্তোস রদ্রিগেজও উপস্থিত ছিলেন।
ক্লাবটি কেনার কথা নিজেই নিশ্চিত করে রোনালদো বলেছেন, ‘এখানে আমার অনেক অবদান রাখতে হবে৷ ক্রুজেরিওর কাছ থেকে বড় কিছু পেতে হলে আমাদের অনেক কাজ করতে হবে এবং লক্ষ্য নিয়ে এগোতে হবে। আমি চাইব, সমর্থকেরা আমাদের সঙ্গে থাকুন, আবার মাঠে আসুন। কারণ, আমাদের এখন অনেক শক্তি লাগবে, লাগবে একতা।’
ক্রুজেরিও একসময় ছিল ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব৷ কিন্তু ২০১৯ সালে তারা দ্বিতীয় বিভাগে নেমে যায়। সে কথা সামনে এসে রোনালদো জানিয়েছেন, ক্রুজেরিওকে আবারও ব্রাজিলিয়ান ফুটবলে সর্বোচ্চ স্তরে নিয়ে যাওয়াই তার লক্ষ্য।
তিনি বলেন, ‘ক্রুজেইরোকে আমার অনেক কিছু ফিরিয়ে দেওয়ার আছে। ক্রুজেইরোর যেখানে থাকার কথা, আবার সেখানে নিয়ে যেতে হবে। আমাদের অনেক কাজ করতে হবে এবং আমার লক্ষ্য ক্রুজেইরোকে আবার সেরা ক্লাবে পরিণত করা।’
উল্লেখ্য, ক্রুজেরিও রোনালদোর মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে স্পেনের ক্লাব রিয়াল ভায়াদোলিদের ৫১ শতাংশের মালিকানা কেনেন তিনি। ব্রাজিলিয়ান তারকা এই দুই ক্লাবকে অনেক দূর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।