অন্যান্য
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে গ্রুপ ২-এর হিসাব পাল্টে দিল পাকিস্তান। এই জয়ের ফলে নিজেদের শেষ চারে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন বাবর আজমরা। সেইসাথে বিশ্বকাপ ক্রিকেটে এখনো সুযোগ রয়েছে বাংলাদেশের। গ্রুপ শীর্ষে থেকে শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের।
ভারত : চার ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে ভারত। পয়েন্ট তালিকার শীর্ষে তারা। রোহিত শর্মাদের পয়েন্ট ৬। নেট রানরেট ০.৭৩০। শেষ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ওই ম্যাচ জিতলে শীর্ষে শেষ করবেন রোহিতরা।
দক্ষিণ আফ্রিকা : পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট চার ম্যাচে ৫। নেট রানরেট ১.৪৪১। শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলবে তারা। ওই ম্যাচ জিতলে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে যাবে তারা। ম্যাচ হারলে বিশ্বকাপ থেকে বিদায় হবে তাদের।
পাকিস্তান : দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এলো পাকিস্তান। চার ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট ১.১১৭। শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে তারা। দক্ষিণ আফ্রিকা নিজেদের ম্যাচ হারলে পাকিস্তানের সুযোগ থাকবে শেষ চারে যাওয়ার।
বাংলাদেশ : ভারতের কাছে হার ও পরে পাকিস্তান জিতে যাওয়ায় পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে বাংলাদেশ। চার ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট -১.২৭৬ আর একটি ম্যাচ বাকি তাদের। ওই ম্যাচে জিতলেও শেষ চার নিশ্চিত নয় শাকিবদের।
জিম্বাবুয়ে : পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে জিম্বাবুয়ে। বুধবারের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হারের পরে সব আশা শেষ হয়ে গেছে তাদের। চার ম্যাচে জিম্বাবুয়ের পয়েন্ট ৩। নেট রানরেট -০.৩১৩। তাদের আর একটি ম্যাচ বাকি। বিশ্বকাপের আশা শেষ জিম্বাবুয়ের।
নেদারল্যান্ডস : পয়েন্ট তালিকার একদম শেষে রয়েছে নেদারল্যান্ডস। ইতিমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে তারা। চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট নেদারল্যান্ডসের। তাদের নেট রানরেট -১.২৩৩। আরো একটা ম্যাচ বাকি থাকলেও তাতে গ্রুপের অঙ্কে কোনো বদল হবে না।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।