অন্যান্য
বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিধ্বস্ত হলেও লেবাননের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। ম্যাচজুড়ে বাংলাদেশের গোল মিসের মহড়া অব্যাহত থাকলেও মোরসালিনের অসাধারণ গোলে লেবাননের সঙ্গে ১-১ ড্র নিয়েই মাঠ ছাড়ে জামাল ভূঁইয়ারা।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিফা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচে প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। গোলের সুযোগ মিস না করলে প্রথমার্ধেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ ফুটবল দল।
আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক জামাল ভূঁইয়া তাদের ওপর বিশ্বাস রাখতে বলেছিলেন সমর্থকদের। এ ম্যাচের পর লাল-সবুজ জার্সিধারীদের ওপর দর্শক-সমর্থকদের আস্থা ও বিশ্বাস বাড়বে তা নিশ্চিত। ৭৯ ধাপ এগিয়ে থাকা একটা দলের বিপক্ষে এভাবে বুক চিতিয়ে ফুটবল খেলে ফাহিম-মোরসালিনরা সমর্থকদের হৃদয়ই জয় করে নিয়েছেন।
বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপে বাংলাদেশের এখনো ম্যাচ বাকি চারটি। এর মধ্যে ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়া ও ফিলিস্তিনের বিপক্ষে। লড়াইয়ের এই চেতনা ধরে রাখতে পারলে পরের ম্যাচগুলো থেকেই আসতে পারে আরও পয়েন্ট। গ্রুপে অস্ট্রেলিয়া আছে বলে বাংলাদেশ দ্বিতীয় হওয়ার লড়াইটা ভালোভাবেই করতে পারবে।
জিতলে সেই পথটা আরও মসৃণ হতো। বাংলাদেশ জেতার মতোই ফুটবল খেলেছে। গত সাফ থেকে বাংলাদেশের গোল মিসের মহড়া চলছে। এ ম্যাচেও ছিল। লেবাননের মতো দলের বিপক্ষে সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারলে খেসারত দিতে হয়। বাংলাদেশ দিয়েছে ম্যাচ জিততে না পেরে। তাও মন্দের ভালো যে ম্যাচে পিছিয়ে পড়ে দ্রুতই ফিরে এসেছে হ্যাভিয়ের ক্যাবরেরা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।