অন্যান্য
আমরা থানাকে মানুষের সেবা প্রাপ্তির প্রথম ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে চাই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিতে থানায় আসা সেবা প্রার্থীদের দ্রুততম সময়ে সেবা প্রদান করতে হবে। ডিএমপি জনসেবায় কতটা আন্তরিক তা দ্রুততম সময়ে সেবা প্রদানের মাধ্যমে নগরবাসীকে বুঝাতে হবে।
তিনি বলেন, পেশাদারিত্ব ও কাঙ্ক্ষিত সেবা দিয়ে এ দায়িত্বের বাস্তব প্রতিফলন ঘটাতে হবে। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে আরও উন্নত ও বেগবান করতে হবে।
হাবিবুর রহমান বলেন, জনগণের সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। মহানগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে পুলিশ সদস্যদের দিন-রাত পরিশ্রম করে দায়িত্ব পালন করতে হয়। অনেক সময় ধৈর্যচ্যুতি হতে পারে, তারপরও ধৈর্য ধরে জনগণকে সেবা দিয়ে যেতে হবে। কেউ অপরাধ করলে তার ব্যক্তিগত দায় ডিএমপি নেবে না। আমরা কারও সঙ্গে খারাপ ব্যবহার করব না। পেশাদারিত্বের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে অন্যের খারাপ ব্যবহারের জবাব দেব।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের ডিএমপি কমিশনার বলেন, আমরা সবাই একে অপরকে সহযোগিতা করে ঢাকা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষা করব। এ ব্যাপারে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।