অন্যান্য
সারাদেশে বিএনপি ও জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা ৯ দফা অবরোধের প্রথম দিন চট্টগ্রাম নগরীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আকবরশাহ থানাধীন আকবরশাহ মাজার জামে মসজিদের সামনে যাত্রীবাহী বাসে এ অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত ৯টা ৩৫ মিনিটে আকবরশাহ এলাকায় বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা যাত্রীবাহী বাসটিতে আগুন দিয়েছেন বলে জানিয়েছেন বাসের চালক-হেলপার।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন মো. আকবর বলেন, আকবারশাহ মাজার জামে মসজিদের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
ওসি আরও বলেন, বাসটি নগরীর ৪ নম্বর রুটে চলাচল করে। রাতে কর্ণেলহাট ও একেখান গেট থেকে ২০ যাত্রী নিয়ে ওয়্যারলেস এলাকায় যাচ্ছিল বাসটি। পথে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।