অন্যান্য
পোশাক কারখানার শ্রমিকদের সরকার ঘোষিত বেতন ১২ হাজার ৫০০ টাকা বৃদ্ধির দাবিতে অবরোধ করেছে শ্রমিকরা। গাজীপুরের কোনাবাড়ীতে টাঙ্গাইল মহাসড়কে আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের প্রায় সাত শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার সময় কারখানার ২০০-২৫০ শ্রমিক কারখানায় প্রবেশ না করে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তাদের বেতনকাঠামোসহ ছয় দফা দাবি নিয়ে অবস্থান করে। এক পর্যায়ে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত শ্রমিকরা ঢাকা টেলিগ্রাফকে বলেন, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুসারে আমাদের গ্রেড এক থেকে গ্রেড ৪ এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। ১০ ঘণ্টার কর্মদিবসের পরিবর্তে ৮ ঘণ্টা কর্ম দিবস হিসেবে বেতন নির্ধারণ করতে হবে। বেসিক বেতন সরকারি নিয়ম অনুসারে করতে হবে। ওভারটাইমের হার সরকারি নিয়ম অনুসারে হিসাব করতে হবে। অধিকার আদায়ে আন্দোলনরত শ্রমিকদের ছাঁটাই করা যাবে না।
এ ব্যাপারে মেইগো বাংলাদেশ (বে-ইকোনমিক জোন) লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মো. খালিদ হাসান ঢাকা টেলিগ্রাফকে জানান, শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে কিন্তু তাদের মন মতো হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
জিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান, সকালে বে- ইকোনমিক জোনের সামনে কিছু শ্রমিকরা রাস্তায় নেমে আসে। পরে তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে । বিষয়টি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।