অন্যান্য
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিপ্লব বড়ুয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদের সকল সতন্ত্র সংসদ সদস্যদের আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তাঁর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন।’
গত ৭ জানুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ। এবারের নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। আওয়ামী লীগের সঙ্গে জোটে নির্বাচনে আসা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পেয়েছে একটি করে আসন। আর বাংলাদেশ কল্যাণ পার্টি পেয়েছে ১টি আসন।
এর বিপরীতে জাতীয় পার্টির আসন মাত্র ১১টি। আর স্বতন্ত্ররা পেয়েছেন ৬২টি আসন। দেশের ইতিহাসে বিগত কোনো নির্বাচনেই এত সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে জয়ী হওয়ার নজির নেই। এরই মধ্যে নব নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
স্বতন্ত্র হিসেবে নির্বাচিত ৬২ জন সংসদ সদস্য কোনো জোট গঠন করতে পারলে তারাই সংসদের বিরোধী দল বলে বিবেচিত হবে। স্বতন্ত্র সংসদ সদস্যরা জোট গঠন না করলে ১১ আসনটি নিয়ে সংসদে বিরোধী দল হবে জাতীয় পার্টি।
নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ সংসদের প্রথম অধিবেশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।