গতকাল ফ্লোর প্রাইস প্রত্যাহারের চাপে শেয়ারবাজার এলোমেলো হয়ে গিয়েছেল। শুরু থেকেই বিনিয়োগকারীরা আতঙ্কের মধ্যে থেকেছে। এদিন লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ২১৫ পয়েন্টের বেশি উধাও হয়ে যায়। দিনভর আতঙ্ক ছড়িয়ে শেষবেলায় তা ৯৬ পয়েন্টে স্থির হয়।
আজ সোমবার (২২ জানুয়ারি) ভিন্ন মেজাজে ফিরেছে শেয়ারবাজারের লেনদেন। আজ লেনদেনের শুরুতে কিছুটা চাপ থাকলেও কিছুক্ষণ পরই উভয় বাজার ঘুরে দাঁড়ায়। প্রথম ১০ মিনিট বাজার কিছুটা নেতিবাচক থাকলেও এরপর ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। তারপর বাজার চাঙ্গাভাবে অগ্রসর হতে থাকে।
লেনদেনের দুই ঘন্টার মধ্যে ডিএসইর প্রধান সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫০ পয়েন্টে। এই সময়ে লেনদেন ৫৫৩ কোটি ছাড়িয়ে যায়। আগে যেখানে সারাদিনে কোনো রকমে লেনদেন হয়েছে ৪০০ কোটির ঘরে।
এই সময়ে ২০৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে, ১৪১টির দাম কমেছে এবং ৩৬টি দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ফ্লোর প্রাইস তুলে নেওয়ায় বাজারে সব অংশীজনেরা সক্রিয় হতে শুরু করেছে। যে কারণে লেনদেন ও শেয়ার দামে গতি ফিরতে শুরু করেছে। লেনদেনের পরিমান ছাড়িয়েছে হাজার টাকা।
আজ সোমবার ২২জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১৪.০৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৫৪.৩০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৭.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, কমেছে ১৪৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০ টির। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৭১ লাখ ৩৬ হাজার ২৩৬টি শেয়ার ২ লাখ ৬৭ হাজার ৮৫৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫১ শতাংশ বা ৯৩.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ২৩৫.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার ৬০১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৭০ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ৮ লাখ ১৮ হাজার ৫৩১ টাকা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।