অন্যান্য
ঢাকা রিপোর্টার্স ইউনিটি
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য ফ্যাক্ট চেক বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকালে পিআইবির সেমিনার কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি শফিকুল করিম সাবু।
তিনি বলেন, প্রযুক্তির উৎকর্ষ সাধনের প্রথম ধাপ হল সাংবাদিকতায় গুজব প্রতিরোধ। একারণে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।
তিনি আরো বলেন, সাংবাদিকদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলে ফ্যাক্টচেক, মোবাইল ও ড্রোন জার্নালিজমে আরো অগ্রগতি সম্ভব। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ফ্যাক্টচেক বা গুজব প্রতিরোধে সরকার যেমন কাজ করছে, তেমনি গণমাধ্যমকর্মীদেরও কাজ করতে হবে।
সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন ফ্যাক্টচেক ও ফ্যাক্টচেকবিষয়ক বিভিন্ন কারিগরি বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ডিআরইউর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. রাশিম মোল্লা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য ফ্যাক্ট চেক প্রশিক্ষণের বিকল্প নেই। এ কারণে তিনি পেশাদার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ডিআরইউর সব সদস্যদের পর্যায়ক্রমে এই প্রশিক্ষণটি সম্পন্ন করার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, তথ্য প্রযুক্তি বিকাশের ফলে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে সহজে গুজব প্রতিরোধ করা সম্ভব। গণমাধ্যমকর্মীর প্রযুক্তিগত দক্ষতা থাকলে ছবি, সংবাদ ও অন্যান্য বিষয়াদি খুব সহজে সত্য উদঘাটন করতে পারবে। গুজব প্রতিরোধে ফ্যাক্ট চেকের পাশাপাশি মোবাইল সাংবাদিকতার গুরুত্ব সম্পর্কেও আলোচনা করেন তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।