পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

আন্দোলনে অনড় ঐক্য পরিষদ, অনুপস্থিতিতে ব্যবস্থা নেবে এনবিআর

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জুন ২৭, ২০২৫ , ১১:১৫ অপরাহ্ণ

আলোচনা প্রত্যাখান করে শনিবার পূর্বঘোষিত সূচি অনুযায়ী মার্চ টু এনবিআর ও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনে অনড় অবস্থানের কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

অপরদিকে এনবিআর এর পক্ষ থেকে অফিস আদেশে বলা হয়েছে, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ, বিলম্বে উপস্থিত হলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার রাতে ঐক্য পরিষদ ও এনবিআরের পক্ষ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার অর্থ উপদেষ্টার সঙ্গে এনবিআর চেয়ারম্যান, সদস্যদের বৈঠকে কর্মসূচি প্রত্যাহার, বদলি আদেশ স্থগিত ও আগামী ১ জুলাই অর্থ উপদেষ্টা আন্দোলনকারীসহ সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকের সিদ্ধান্ত হয়। কিন্তু সে বৈঠকের সিদ্ধান্ত প্রত্যাখান করে আজ ঐক্য পরিষদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এ কর্মসূচির আওতার বাইরে থাকবে।

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণের দাবিতে ঐক্য পরিষদ অবস্থান কর্মসূচি ও কলমবিরতি কর্মসূচি পালন করছে। ২৭ জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণে আল্টিমেটাম দেয় তারা। এ সময়ের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে শাটডাউন কর্মসূচি পালন করার কথা জানিয়েছে ঐক্য পরিষদ।

পরিষদের কর্মসূচি চলাকালে বৃহস্পতিবার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে বিপুল পরিমাণ সেনা, কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়। ওইদিন ১২টার পর থেকে রাজস্ব ভবনের মূল ফটক বন্ধ করে দেয়া হয় এবং আন্দোলনকারীরা ফটকের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। ওই সময় রাজস্ব ভবনে প্রবেশ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার। অর্থ উপদেষ্টা আহ্বান জানালে ঐক্য পরিষদ বৈঠকে অংশ নিতে প্রস্তুত বলেও জানিয়েছিলেন। কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে কর্মসূচি পালনের কথা জানাল পরিষদ।

অপরদিকে এনবিআরের পক্ষ থেকে আগামীকাল শনিবার সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্ব স্ব কাজে সময়মতো যোগদানের জন্য বলা হয়েছে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও অর্থবছরের শেষ দুই শনিবার রাজস্ব আদায় কার্যক্রমের জন্য অফিস খোলা রেখেছে এনবিআর। সে হিসেবে শনিবার নির্ধারিত সময়ে কর্মস্থলে যোগদানে অফিস আদেশ জারি করা হয়েছে।

এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান আন্দোলনের কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এবং রাজস্ব আদায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের মাঠ পর্যায়ের দপ্তরসমূহে জনগণ কাঙিক্ষত সেবা পাচ্ছেন না। সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য বিধি-বিধান অনুযায়ী বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ এবং বিলম্বে অফিসে উপস্থিতি অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং অর্থ বছরের শেষ তিনটি কর্ম দিবসে ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখাসহ রাজস্ব আদায় কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের অধীন সব কাস্টমস হাউস, কর কমিশনারেট এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সব কমিশনারগণকে তাদের নিয়ন্ত্রণাধীন সকল দপ্তরে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করে জনগণকে তাদের কাঙ্ক্ষিত সেবা প্রদান করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড হতে নির্দেশনা প্রদান করা হচ্ছে।

অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীকে স্ব-স্ব দপ্তর প্রধানের অনুমতি গ্রহণ করত: সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’ এ এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন দপ্তর-সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।