অন্যান্য
জুলাই গণঅভ্যুত্থানে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসাথে ট্রাইব্যুনাল জারি করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।
আজ সোমবার সকালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-২ এ জমা দেয়া হলে শুনানি নিয়ে এ আদেশ দেয়া হয়েছে।গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। এ মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের সম্পৃক্ততা খুঁজে পাওয়ায় তাদের আসামি করা হয়েছে। একই সাথে আবু সাঈদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা।
এ মামলার চারজন আসামি গ্রেফতার রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, তাজহাট থানার সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশ। সর্বশেষ গত ১৫ জুন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
গত ১৩ জানুয়ারি নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
কোটা সংস্কারকে ঘিরে গত বছরের জুলাইতে প্রথমে যে আন্দোলন শুরু হয় সে সময়ই ১৬ জুলাই গুলিতে নিহত হন আবু সাঈদ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।