অন্যান্য
খাবারে স্বাদ ও গন্ধ যোগ করতে অতুলনীয় পুদিনা পাতা। ভেষজ গুণে সমৃদ্ধ পাতাটি বিভিন্ন কঠিন রোগ থেকে দূরে রাখে শরীরকে। পুদিনা পাতায় থাকা ম্যাগনেসিয়াম ও আয়রন নানাভাবে আমাদের শরীর সুস্থ রাখে। তাই নিয়মিত পুদিনা পাতা খাওয়ার অভ্যাস স্বাস্থ্যের জন্য উপকারী।
এছাড়াও পুদিনা পাতায় থাকে সোডিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, ভিটামিন এ, সি, ডি এবং ক্যালসিয়াম। এগুলো আমাদের সুস্থতার জন্য দরকার। সুস্বাস্থ্য নিশ্চিত করা ছাড়াও এর রয়েছে নানাবিধ ব্যবহার। চলুন জেনে নেয়া যাক পুদিনা পাতার অন্যান্য ব্যবহারগুলো কী কী-
পুদিনা পাতার আইস
ফ্রিজের আইস ট্রেতে যতগুলো কিউব রাখার জায়গা আছে ততগুলো পুদিনা পাতা নিন। এবার আইস ট্রেতে খাওয়ার পানি অর্ধেক পরিমাণে ঢেলে তাতে একটি করে পুদিনা পাতা রেখে আবার ফ্রিজে রেখে দিন। পানি জমে গেলে আইস ট্রের খালি অংশগুলো পানি দিয়ে পূর্ণ করে ফেলুন। এতে পুদিনা পাতা থাকবে আইস কিউবের মাঝখানে আর দেখতে বেশ সুন্দর লাগবে। শরবত কিংবা ঠাণ্ডা পানীয়র সঙ্গে এই আইস পরিবেশন করতে পারবেন।
মিন্ট ডেজার্ট
পুদিনা পাতা এবং চকোলেট দিয়ে তৈরি করতে পারেন মিন্ট ডেজার্ট। এটি খেতেও যেমন দারুণ, তৈরি করাও খুব সহজ। তৈরি করার জন্য একটি বাটিতে অল্প লিকুইড চকলেট তাতে একটি একটি করে পুদিনা পাতা চুবিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন। ঘণ্টা দুই পর বের করে নিন। ততক্ষণে চকলেট পুদিনা পাতার ওপর জমে যাবে। এটিই হলো মিন্ট ডেজার্ট।
পা থেকে দুর্গন্ধ দূর করতে
এক মগ পানিতে পুদিনা পাতা যোগ করে মিনিট দশেক ফুটিয়ে নিন। এবার তার সঙ্গে আরো পানি মিশিয়ে পানির তাপমাত্রা কমিয়ে আনুন। তারপর সেই হালকা গরম পানি একটি বালতিতে নিয়ে তাতে পা চুবিয়ে বসে থাকুন অন্তত পনেরো মিনিট। নিয়মিত এভাবে ব্যবহার করতে পারলে পায়ের দুর্গন্ধ নিয়ে ভুগতে হবে না।
পুদিনা পাতার এয়ার ফ্রেশনার
এয়ার ফ্রেশনার সাধারণত বাইরে থেকে কিনে আনা হয়। তবে বাড়িতে পুদিনা পাতা দিয়ে অন্য উপায়েও এয়ার ফ্রেশনার তৈরি করতে পারবেন। এই এয়ার ফ্রেশনার তৈরির জন্য কিছু পুদিনা পাতা হালকা আঁচে শুকিয়ে নিন। এরপর একটি পরিষ্কার সুতির কাপড়ে পাতাগুলো পুটলি বেঁধে দরজার উপরে বা ঘরের কোণে ঝুলিয়ে দিন। এতে ঘরদোর সুগন্ধে ভরে থাকবে। বাড়িতে থাকলে আপনিও সতেজ অনুভব করবেন।
ব্রণ দূর করতে পুদিনা পাতার ব্যবহার
ত্বকের জন্য এক বিরক্তিকর ও অস্বস্তিকর সমস্যা হলো ব্রণ। এই সমস্যা থেকে বাঁচতে নানা ধরনের প্রসাধানী ব্যবহার করেও সমাধান মেলে না অনেক সময়। ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারে পুদিনা পাতা। পুদিনা পাতার তৈরি ফেসপ্যাক মুখে ব্যবহার করলে ব্রণ থেকে মুক্তি পাওয়া সহজ হবে। এই পাতায় আছে সালিসাইলিক অ্যাসিড। এটি ব্রণের প্রকোপ কমাতে সাহায্য করে।
ফেসপ্যাক তৈরির জন্য দশ-পনেরোটি পুদিনা পাতার সঙ্গে দুই চামচ গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে অপেক্ষা করুন আধা ঘণ্টা। এরপর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এভাবে প্রতিদিন একবার ব্যবহার করলে ব্রণ দূর হবে দ্রুত।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।