পোস্টাল ভোট দিতে ১৩ লাখ নিবন্ধন, ৬ লাখ ব্যালট প্রেরণ

আগের সংবাদ

সমস্যাগ্রস্থ পরিবারকে আর্থিক অনুদান দিলো হায়্যা আলাল ফালাহ

পরের সংবাদ

শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা

ঢাকা টেলিগ্রাফ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৪ , ৯:৩১ পূর্বাহ্ণ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর বসছে আজ ২১ জানুয়ারি (রোববার)। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন সেতু থেকে উত্তরে কিছু দূর গেলেই বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র (বিবিসিএফইসি)। বাণিজ্য মেলার স্থায়ী এই প্রাঙ্গণে তৃতীয়বারের মতো মিলিত হচ্ছেন দেশ–বিদেশের ক্রেতা-ব্যবসায়ীরা। মাসব্যাপী এ মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন। প্রতিবছর ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মেলা শুরু হচ্ছে নির্ধারিত সময়ের পর। অনেক স্টলের নির্মাণকাজ এখনো শেষ হয়নি। বিদেশি স্টলগুলোর নির্মাণকাজ সবেমাত্র শুরু হয়েছে। আবার কোনো কোনো স্টল নির্মাণের পর পণ্যের পসরা সাজানো হচ্ছে।

এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে এতে।

গত বছর মেলায় প্রিমিয়ার প্যাভিলিয়নের ফ্লোরের ন্যূনতম ভাড়া ছিল ২০ লাখ টাকা। আসন্ন তা হয়েছে ২২ লাখ টাকা। একইভাবে ন্যূনতম তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে সাধারণ স্টল চার লাখ টাকা ও সংরক্ষিত স্টল চার লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। আর ৪৭ শতাংশ বাড়িয়ে সংরক্ষিত মিনি প্যাভিলিয়নের ন্যূনতম ভাড়া ১১ লাখ টাকা করা হয়েছে। প্রায় একই হারে স্টল-প্যাভিলিয়নের জামানত বাড়ানো হয়েছে।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে। এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন। দেশি-প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের একাধিক প্রতিষ্ঠান মেলায় তাদের পসরা নিয়ে হাজির হবে।

এ বছর দর্শনার্থীদের জন্য ৫০ টাকা ও ১২ বছরের কম বয়সীদের জন্য ২৫ টাকা টিকিটের মূল্য ধরা হয়েছে। গত বছর যা ছিল যথাক্রমে ৪০ ও ২০ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ছুটির দিন মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। মেলায় দর্শনার্থীদের যাতায়াতের জন্য রাজধানীর ফার্মগেট ও কুড়িল বিশ্বরোড থেকে আলাদা বাস ছাড়বে। মেলায় আসতে ভাড়া পড়বে ফার্মগেট থেকে ৭০ টাকা ও কুড়িল থেকে ৩৫ টাকা।

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এ মেলা হয়েছে শেরেবাংলা নগরে।

কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলা হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলা চলে যায় পূর্বাচলে বিবিসিএফইসিতে। ২০২৩ সালে দেশ-বিদেশের ৩৩১টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন ছিল। মেলায় সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়াসহ ১০টি দেশের ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।