অন্যান্য
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি খাদ্যপণ্য উৎপাদন কারখানার শ্রমিকরা সরকার ঘোষিত বেতন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করে।
সোমবার সকালে শ্রমিকরা টাকা – টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে কয়েক শ্রমিক আহত হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে পৌনে ১০ টা পর্যন্ত চলে আন্দোলন।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টায় কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড—এর শ্রমিকরা কারখানার গেটের সামনে অবস্থান করে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান।এ সময় কারখানাটির ভিতরের অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাইরে অবস্থান করা শ্রমিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে বাইরে অবস্থান করা শ্রমিক এবং কারখানাটির ভিতরে অবস্থান করা শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ হয়।
কারখানার শ্রমিক অভিযোগ করে বলেন, সব কারখানায় শ্রমিকদের ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা দেওয়া হলেও আমাদের কারখানায় দিচ্ছে না। আমাদের কারখানার শ্রমিকরা সর্বনিম্ন বেতন পাচ্ছে ৬ হাজার ৭০০ টাকা।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান বলেন, গত বৃহস্পতিবার থেকে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে আমাদের সঙ্গে কথা হচ্ছে। বেশ কয়েকবার আলাপ আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের বেতন ছিল ৬ হাজার ৭০০ টাকা। তাদের বেতন ১৩০০ টাকা বৃদ্ধি করে এখন ৮ হাজার টাকা করা হয়েছে। শনিবার কারখানা বন্ধ রাখা হয়েছিলো বেতনের বিষয়ে সমাধান হওয়ার পর রোববার থেকে শ্রমিকরা কাজও করছে। কিন্তু সোমবার সকালে বহিরাগত কিছু শ্রমিকদের উস্কানিতে বিক্ষোভ হয়েছে। সেখানে আমাদের কোন শ্রমিক ছিলো না।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, শ্রমিকদের ধাওয়া ও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। শ্রমিকরা সরে গেলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কারখানা এলাকায় শিল্প ও থানার অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
শিল্প পুলিশ গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার দীপক মজুমদার জানান, শ্রমিকদের আমরা বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তারা শোনেনি। মহাসড়কে যানজট সৃষ্টি করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে লাঠিচার্জ, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।