অন্যান্য
জানাজা একটি বিশেষ প্রার্থনা যা কোনো মৃত মুসলমানকে কবর দেয়ার আগে অনুষ্ঠিত হয়। সচরাচর এটি জানাজার নামাজ নামে অভিহিত হয়। ইসলাম ধর্মামলম্বীদের জন্য এটি ফরজে কেফায়া বা সমাজের জন্য আবশ্যকীয় দায়িত্ব অর্থাৎ কোনো মুসলমানের মৃত্যু হলে মুসলমান সমাজের পক্ষ থেকে অবশ্যই জানাজার নামাজ পাঠ করতে হবে। তবে কোনো এলাকা বা গোত্রের পক্ষ থেকে একজন আদায় করলে সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায়।
জানাজার নামাজ যেভাবে পড়তে হয়
সাধারণ নামাজের চেয়ে এ নামাজ একটু ভিন্ন। জানাজার নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ নামাজ আদায় করেন। এটি ৪ তকবিরের নামাজ। দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হয় এবং সালাম ফেরানোর মধ্য দিয়ে এ নামাজ শেষ হয়।
যারা জানাজার নামাজে অংশ নেবেন, তারা ইমামের কাতার করে দাঁড়াবেন ও ইমামকে অনুসরণ করবেন। (ইবনে হিব্বান, হাদিস: ৩১০২)
আল্লাহর ইবাদত হিসেবে সবাই জানাজার ফরজ আদায়ের জন্য নিয়ত করবে। (বুখারি, হাদিস: ০১)
এরপর তাকবিরে তাহরিমা বলবে এবং কান পর্যন্ত হাত ওঠাবে। তারপর ছানা পড়বে। অতঃপর তাকবির বলে দরুদ পাঠ করবে। এই তাকবিরে হাত ওঠাবে না। তারপর তৃতীয় তাকবির বলে মৃত ব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করবে। তখনো হাত ওঠাবে না। তারপর চতুর্থ তাকবির বলবে। তখনো হাত ওঠাবে না। (দারাকুতনি: ১৮৫৩; ইবনে আবি শায়বা: ৩/২৯৫)
ইমাম তাকবির উচ্চঃস্বরে বলবেন এবং বাকি দোয়া-দরুদ অনুচ্চস্বরে পড়বেন। মুক্তাদিরা সবই অনুচ্চস্বরে পড়বে। (আবু দাউদ, হাদিস: ২৭৮৪, সুনানে কুবরা, হাদিস: ৭৪৩৩)
অতঃপর ডান এবং বাঁ দিকে সালাম ফেরাবেন। (সুনানে কুবরা, হাদিস: ৭২৩৮)
সাধারণত জানাজার নামাজের শেষে মুনাজাত বা দোয়া করতে হয় না কারণ ইসলামের প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী এ নামাজের মাধ্যমেই মৃতের জন্য দোয়া করা হয়। জানাজা শেষে মৃতব্যক্তিকে অবিলম্বে গোরস্থানে নিয়ে যেতে হয় এবং ইসলামী রীতিতে কবর তৈরি করে মাটিতে দাফন করতে হয়।
জানাজায় রুকু-সিজদা নেই যে কারণে
জানাজার নামাজে রুকু ও সিজদা না থাকার দুইটি কারণ নিচে উল্লেখ করা হলো-
১. রুকু ও সিজদায় নিজের সর্বনিম্ন অক্ষমতা ও অপদস্থতা এবং আল্লাহ তাআলার সীমাহীন মর্যাদা, বড়ত্ব ও মহত্ত্ব প্রকাশ করা হয়। জানাজার নামাজে আল্লাহ তাআলার প্রশংসা, গুণাগুণ এবং অন্যদের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। কারণ, জানাজার নামাজ মৃত ব্যক্তির পক্ষে শুধুই সুপারিশ। আর রুকু-সিজদার কারণ ও উদ্দেশ্য এর বিপরীত। তাই জানাজার নামাজে রুকু-সিজদার বিধান দেয়া হয়নি।
২. জানাজার নামাজ পড়া হয় লাশ সামনে রেখে। যদি অন্য নামাজের মতো জানাজার নামাজে রুকু-সিজদা করা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা হতে পারে যে, লাশের উদ্দেশে বুঝি রুকু-সিজদা করা বৈধ।
সুতরাং লাশ সামনে রেখে রুকু-সিজদা করলে শিরকের সম্ভাবনা থেকে যায়। তাই মুসলিম উম্মাহকে শিরকি ধারণা থেকে বাঁচানোর জন্য এ বিধান দেয়া হয়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ঢাকা টেলিগ্রাফ এর দায়ভার নেবে না।